সাময়িক বরখাস্ত মাহবুব আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, সদর দপ্তরে প্রতিবেদন চেয়েছে পুলিশ

বিভাগীয় ব্যবস্থা, সদর দপ্তরে প্রতিবেদন চেয়েছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত সাবেক ওসির বিরুদ্ধে অভিযোগের তদন্তে সাক্ষীদের জবানবন্দি ও নথিপত্র সংগ্রহের নির্দেশভ।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: অনৈতিক কর্মকাণ্ড, নারী নির্যাতন, প্রতারণামূলক বিয়ে ও বহুবিবাহসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশ পরিদর্শক মো. মাহবুব আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার একটি সরকারি চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। চিঠিটি ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, নাটোর জেলা থেকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত সাবেক নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহবুব আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। প্রতিবেদনের সঙ্গে সাক্ষীদের জবানবন্দি ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার কথাও বলা হয়েছে।
প্রস্তুত করা প্রতিবেদন এআইজি (ডিআইজিপিএস-২), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা বরাবর পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নথিতে মাহবুব আলমকে বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর নাদের হাজির মোড় এলাকার একটি বাসা থেকে এক নারীসহ মাহবুব আলমকে পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে পূর্বে উত্থাপিত বিভিন্ন অভিযোগও নতুন করে আলোচনায় আসে।
তবে মাহবুব আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা তদন্ত ও বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত হবে। সরকারি চিঠিতেও অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।








