দুই বাসের চাপায় মাইলস্টোন শিক্ষিকা নিহত

বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে দুর্ঘটনা, দুটি বাস জব্দ ও চালক-সহকারী আটক
টুইট ডেস্ক: রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসপিয়া আহমেদ তিসার বয়স ৩১ বছর। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় তাসপিয়া পেছন থেকে পড়ে যান। এ সময় দুই বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাস দুটির চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাত ৯টার দিকে তাসপিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিহতের ভাই এনাম আহমেদ বলেন, বাসা থেকে বের হওয়ার পর বাসের চাপায় তাসপিয়া মারা যান। খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






