বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী সভা অনুষ্ঠিত, প্রধান আলোচক ছিলেন ডিআইজি

মাদক-সন্ত্রাস দমনে সামাজিক সহযোগিতা চাইলেন ডিআইজি, আড়ানীতে পুলিশ ক্যাম্পের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভায় প্রধান আলোচক রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ বলেন, পুলিশ আগের অবস্থান থেকে ফিরে আসতে চাই। পুলিশ একা মাদক ও সন্ত্রাস দমন করতে পারবে না। এ জন্য সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন ও উগ্রবাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা মাদক ব্যবসায়ীর আশ্রয়দাতা ও মাদকের গডফাদারদের আটক করতে চাই। দাবির প্রেক্ষিতে উপজেলার আড়ানীতে পুলিশ ক্যাম্পের আশ্বাস দেন ডিআইজি আশিক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর )বিকেলে বাঘা থানার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (প্রবেসনাল) তুহিন উদ্দিন।
রাজশাহী বেতারের উপস্থাপিকা রুকসানা আক্তার লাকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি) সেরাজুল হক।
উন্মুক্ত আলোচনাকালে রাজনৈতিক ও সুধীজনরা বলেন, বিষয়ভিত্তিক চারটি আলোচনার বাইরেও চাঁদাবাজি সহ চুরির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম বেশি হয়। এছাড়াও ফেসবুকে গুজব ছড়িয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করে। কাগজে কলমে বড় অপরাধীরা পার পেয়ে যায় কিন্তু অভ্যাস জনিত কিংবা পেটের দায়ে চুরির অপরাধে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে হত্যা করা হয়। তারা বলেন,সব কিছুর উর্ধ্বে থেকে পুলিশকে জনতার পুলিশ হিসাবে দেখতে চাই। এজন্য নিয়মিত উঠান বৈঠক করে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন তারা।
এছাড়াও নারী নির্যাতন ও ইভটিজিং বিষয়ে বক্তব্য রাখেন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাবিনা সুলতানা ও হুমায়রা খাতুন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মামুন অর রশিদ বলেন, বাঘা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক একটি বড় চ্যালেঞ্জ। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করা হয়েছে। তিনি সকলকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।
সভায় রাজনৈতিক , জনপ্রতিনিধি,শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি ইমাম, সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।





