ডাকাতির প্রস্তুতিকালে রাজশাহীতে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-ইয়াবা উদ্ধার

দেশীয় অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোন উদ্ধার; পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদে আত্মগোপনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ টিম। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাজপাড়া থানার বহরমপুর শেষমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রাজপাড়া থানার বহরমপুর শেষমাথা গ্রামের নুরুল ইসলাম চাঁনের ছেলে সালমান (২৩), নতুন বিলসিমলা গ্রামের মুনিরের ছেলে বাঁধন ওরফে নুর (২৪), চাঁন মিয়ার ছেলে বিদ্যুৎ (২১), শাহিনের ছেলে আব্দুর রহিম (২২) এবং নাহিদ আহামেদের ছেলে নাইম আহাম্মেদ (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। পরে আরএমপির বিশেষ টিম সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে সালমানের বসতবাড়ির ছাদে গিয়ে আত্মগোপনের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ বাড়ির ছাদ ঘেরাও করে পাঁচজনকে আটক করে।

অভিযানে সালমানের হেফাজত থেকে ১৫ ইঞ্চি লম্বা একটি লোহার চাকু এবং বাঁধনের কাছ থেকে ২৮ ইঞ্চি লম্বা একটি হাসুয়া উদ্ধার করা হয়। বিদ্যুতের কাছ থেকে ২৪ ইঞ্চি এবং আব্দুর রহিমের কাছ থেকে ১৯ ইঞ্চি লম্বা দুটি চেইন রিং গিয়ার জব্দ করা হয়।

এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে বাঁধন ও আব্দুর রহিমের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নাইমের কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া আলামিন (২৫) ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সালমানের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি, দণ্ডবিধির একটি এবং দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার বিদ্যুতের বিরুদ্ধে দামকুড়া ও শাহমখদুম থানায় পৃথক দুটি জিআর মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।