বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

উপজেলা পরিষদ চত্বরে ময়লা-আবর্জনা পরিষ্কার, এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীর বাগমারায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাগমারা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জনসাধারণকে সচেতন করা হয়।

রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি এক দিনের কর্মসূচি নয়; প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, “বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্যদেরও সুস্থ থাকতে সহযোগিতা করতে হবে।”

যুবদল নেতা শাহাদাত হোসেন বলেন, “ডেঙ্গু একটি ভয়াবহ রোগ। এ রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।”

বাগমারা উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু বলেন, ডেঙ্গু প্রতিরোধে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপালি খাতুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদল এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।