শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষা, বৃত্তি, মানবসম্পদ উন্নয়ন ও দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ

টুইট ডেস্ক: বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাতে বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানো এবং কমনওয়েলথ শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে অভিনন্দনপত্র হস্তান্তর করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।