গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান শফিকুর রহমানের

গণতন্ত্রকে মৌলিক অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের ভিত্তি হিসেবে উল্লেখ করে দলীয় প্রতিশ্রুতি ব্যক্ত

টুইট ডেস্ক: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণতন্ত্র কেবল সরকার গঠনের সাময়িক প্রক্রিয়া নয়; মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, তাদের সময়ে জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে দলটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি ভুলে গেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের অর্জন ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধনির্ভর সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কোনোভাবেই দেশকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া যাবে না।

তিনি গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ এবং শাসনব্যবস্থাকে স্বচ্ছ ও গণমুখী করার আহ্বান জানান।

বিবৃতির শেষে তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ন্যায্য নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।