ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে

৪ হাজার ৫৮০ ইউনিয়নে সাত ধাপে ভোট, শেষ ধাপের নির্বাচন ২৭ মে

টুইট ডেস্ক: দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ ধাপের ভোট হবে আগামী বছরের ২৭ মে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পরবর্তী ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপের, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের এবং ২২ এপ্রিল ষষ্ঠ ধাপের ভোট অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২৭ মে সপ্তম ধাপে দেশের বাকি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচনী কার্যক্রম শুরু হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করবে কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো নির্বাচনী কার্যক্রমের তৃতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে নির্বাচন কমিশন।