জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, জিজ্ঞাসাবাদে মোজাফফর

হত্যাকাণ্ডের দুই দিন আগে চট্টগ্রামে এরশাদের হেলিকপ্টারে যাওয়ার তথ্যও মিলেছে

টুইট ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান গুলি করেছিলেন বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের দুই দিন আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

প্রসিকিউটর জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

তানভীর হাসান জোহা বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। এ ছাড়া ১৯৮১ সালের ৩০ মে হত্যাকাণ্ডের আগে ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও তিনি তথ্য দিয়েছেন।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও মোজাফফর হোসেন গ্রেপ্তার রয়েছেন। ওই মামলায় গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, জিয়াউর রহমান হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ—দুই বিষয়েই মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।