রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে রিজভীর নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয়।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে এ সময় মহানগর বিএনপি, থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির নেতাকর্মীদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিএনপি আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






