ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে প্রার্থী করছে এনসিপি

আগের সিদ্ধান্ত বদলে রাজধানীর দুই সিটে শীর্ষ দুই নেতাকে প্রার্থী করার নীতিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করা হচ্ছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।

প্রার্থিতা নিশ্চিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটার হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে তাঁরা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন।

এর মধ্যে আসিফ মাহমুদ দক্ষিণ সিটি থেকে স্থানান্তরিত হয়ে ঢাকা উত্তর সিটির ৩৭ নম্বর ওয়ার্ডের (আফতাবনগর) ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তর সিটির উত্তরা এলাকা থেকে স্থানান্তরিত হয়ে ঢাকা দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, সময়ের প্রয়োজন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রাথমিক প্রার্থিতায় সমন্বয় আনা হচ্ছে। তফসিল ঘোষণা ও চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগপর্যন্ত কৌশলগত কারণে প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে।

এর আগে ২৯ মার্চ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পাঁচ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। তখন ঢাকা উত্তর সিটিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছিল।

প্রায় ছয় মাস পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে রাজধানীর দুই সিটিতে দলের মুখপাত্র ও মুখ্য সমন্বয়ককে প্রার্থী করার পথে এগোচ্ছে এনসিপি।