বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার

প্রাপ্তবয়স্কদের জন্য বার্ষিক সীমা ১২ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার। নাবালকদের ক্ষেত্রে সীমা থাকছে ৯ হাজার ডলার।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের জন্য বার্ষিক বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের ১২ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে এখন একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন।
রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১-এর সার্কুলার নং-৩৩-এ এ সিদ্ধান্ত জানানো হয়। সার্কুলারে বলা হয়, আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত চাহিদা এবং বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজন বিবেচনায় এ সীমা বাড়ানো হয়েছে।
নতুন নিয়ম অনুসারে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশে বসবাসরত প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে একটি ক্যালেন্ডার বছরে ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের এফই সার্কুলার নং-৩৭-এর ৯(২) অনুচ্ছেদ অনুসারে এ সীমা ছিল ১২ হাজার ডলার।
১২ বছরের কম বয়সী নাবালকদের ক্ষেত্রে সীমা প্রাপ্তবয়স্কদের অর্ধেক, অর্থাৎ ৯ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রযোজ্য সীমার মধ্যে নগদ মার্কিন ডলার নোট আকারে ছাড় সর্বোচ্চ ৫ হাজার ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
সার্কুলারে স্পষ্ট করা হয়েছে, ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড় সংক্রান্ত অন্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক সব অনুমোদিত ডিলারকে এ সার্কুলারের বিষয়বস্তু সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করার নির্দেশ দিয়েছে।
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১-এর পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এ সার্কুলার অবিলম্বে কার্যকর হয়েছে। নতুন এ সুবিধা পর্যটন, ব্যবসায়িক সফর, শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত ভ্রমণে বাংলাদেশিদের আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।






