জনগণের অধিকার আদায় করেই ফিরব: জামায়াত আমির

লং মার্চে বাধা এলে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার ঘোষণা
টুইট ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ের জন্য তাঁরা রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না। লং মার্চে কোনো বাধা এলে তা উপেক্ষা করেই কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। দেশের মানুষ কোনো চাঁদাবাজকে আর বরদাস্ত করবে না। সম্প্রতি গ্রেপ্তার হওয়া সিফাতের গালাগালিকে তাঁরা সমর্থন করেন না। তবে যে কারণে সিফাত প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে, সেই সমস্যার সমাধান করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, মানুষের ক্ষোভের সমাধান না হলে দেশের ১৮ কোটি মানুষ সিফাত হয়ে উঠবে। জনগণ নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না।
জামায়াত আমির বলেন, লং মার্চে বাধা দেওয়ার চেষ্টা করা হলে সেই বাধা উপেক্ষা করেই কর্মসূচি এগিয়ে যাবে। জনগণের অধিকার আদায়ে তাঁরা রাজপথ ও সংসদ—দুই জায়গাতেই সমানভাবে লড়াই চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁরা পথে নেমেছেন এবং দাবি আদায় করেই ঘরে ফিরবেন।
উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্য এ লং মার্চের আয়োজন করেছে।
উদ্বোধনী সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদিঘী ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করে।






