ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

মহাসড়কে যান্ত্রিক ত্রুটিতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে বাঁধার সময় পেছন থেকে ধাক্কা; নিহতদের মধ্যে দুইজন কাভার্ডভ্যানের চালক-সহকারী ও একজন বাসচালক
টুইট ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ফেনীর পুরাতন মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, সহকারী এবং ইউনিক পরিবহনের বাসচালক রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফাজিলপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নোমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সেটি সরানোর জন্য চালক একটি লংভেহিকলের সহায়তায় রশি দিয়ে বাঁধার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান, বাস ও লংভেহিকলসহ তিনটি যানবাহন উদ্ধার করে হেফাজতে নিয়েছে। নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।






