রাজশাহীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা, খাল খননের মাটি ইজারায় স্বচ্ছতার তাগিদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অবৈধ ইটভাটা বন্ধ এবং খাল খননের ফলে উত্তোলিত মাটি ইজারা দেওয়ার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশের ভারসাম্য ও কৃষিজমি রক্ষায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী। সভা সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন।
সভায় বক্তারা বলেন, অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনা, পরিবেশের ক্ষতি এবং কৃষিজমি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা অব্যাহত থাকবে।
একই সঙ্গে খাল খননের মাধ্যমে উত্তোলিত মাটি যথাযথ নিয়ম ও সরকারি বিধিবিধান অনুসরণ করে ইজারা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মাটি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী বলেন, পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে খাল খননের মাটি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন বলেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট সবাইকে পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিত করতে হবে।
সভায় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন, সহকারী কমিশনার বোরহান উদ্দিন অন্তর, রাজশাহী জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরল ইসলামসহ বিভিন্ন উপজেলার ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অবৈধ ইটভাটা বন্ধ, পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং খাল খননের মাটি ইজারা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।






