নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেপ্তার ২

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস পাঁচ দিন বয়সী শিশু মারুফা জান্নাত মাহি অপহরণের ঘটনায় রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে অপহৃত শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কমিশনার গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. আলম প্রকাশ নুরুল আলম (৩০) ও ত্রিশা প্রকাশ মারিয়া প্রকাশ সানজিনা আক্তার তিশা (২৫)। র্যাবের তথ্য অনুযায়ী, আলম মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি এবং তিশা ৪ নম্বর এজাহারনামীয় আসামি। তিশা গ্রেপ্তার আলমের স্ত্রী। আলমের বাড়ি ভোলায় এবং তিশার বাড়ি নোয়াখালীতে।
র্যাব জানায়, গত ২ আগস্ট বিকেলে নাইক্ষ্যংছড়ি সদরের ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি অপহৃত হয়। মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে এক ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে যাওয়ার পর সে আর ফিরে আসেনি।
পরে গত ২৬ আগস্ট অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার ও র্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশু মারুফা জান্নাত মাহিকে জীবিত উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ২৬ আগস্ট মামলা নম্বর-২২ দায়ের করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৮/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া শিশুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






