হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা

সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ
টুইট ডেস্ক: জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তব্যের জন্য হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা না চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের কান্দিপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা তাঁর বক্তব্য প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা করতে দেওয়া হবে না। এ কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। এসব আয়োজন বন্ধের ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় তিনি সরকারের সমালোচনা করেন।
তাঁর ওই বক্তব্যের পরই ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষোভের সৃষ্টি হয় বলে বিক্ষোভকারীরা দাবি করেন। এরই ধারাবাহিকতায় রাতের বিক্ষোভ ও সমাবেশ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।






