দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের অঙ্গীকার, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান
টুইট ডেস্ক: দেশ ও জাতির কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তাঁর কাছে দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে এসেছেন। ফলে এখন তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ এবং সেই অবস্থান থেকেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যাবেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কারও প্রতি তাঁর কোনো রাগ বা অনুরাগ থাকবে না। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই হবে তাঁর একমাত্র লক্ষ্য।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রাখতে হবে। একই সঙ্গে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসংক্রান্ত সব বিষয় অত্যন্ত কঠোর গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করতে হবে। কোনোভাবেই যেন রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।
রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, তাঁরা সবাই একই পরিবারের সদস্যের মতো। সুযোগ পেলে পরস্পরের সঙ্গে কথা বলে নিজেদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা সম্ভব হবে।






