রাজশাহীতে গার্ডকে ছুরি ধরে হত্যার হুমকি: পুলিশের দ্রুত অ্যাকশনে গ্রেফতার

হ্যান্ডমাইকে দালালবিরোধী সচেতনতা প্রচার করায় হামলার অভিযোগ; ভিডিও ছড়িয়ে পড়ার পর এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় দায়িত্ব পালনকালে এক সিকিউরিটি গার্ডকে মারধর করে গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত অভিযানে নামে পুলিশ।

অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আরিফুল ইসলাম আরিফ রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে পুলিশের ভাষ্য। তার কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাজপাড়া থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হ্যান্ডমাইকে রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সতর্ক করছিলেন। এ সময় আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সেখানে গিয়ে মাইকে বক্তব্য প্রচার করতে নিষেধ করেন। সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনের কথা জানালে অভিযুক্তরা তার ওপর চড়াও হন বলে অভিযোগ।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা সাব্বিরকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে আরিফুল ইসলাম আরিফ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনের পেছনে গিয়ে একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আসেন। পরে ওই অস্ত্র সাব্বিরের গলায় ঠেকিয়ে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপর রাজপাড়া থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তার হেফাজত থেকে দেশীয় ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির হোসেন বৃহস্প‌তিবার (২০ আগস্ট) রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিয়ে ভয়ভীতি, হামলা কিংবা প্রাণনাশের হুমকি দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।