বান্দরবান বাস টার্মিনালে ঝিড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পরিবেশ রক্ষায় এমপি সাচিং প্রু জেরীর নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মসূচি
বান্দরবান প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বান্দরবান পৌরসভার বাস টার্মিনাল এলাকায় ঝিড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বাস টার্মিনাল এলাকা ও আশপাশের ঝিড়ি থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
কর্মসূচিতে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়ন করে গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি অধ্যাপক ওসমান গনি, জ্যেষ্ঠ সহসভাপতি মুজিবুর রশিদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে শুধু সরকারি বা বেসরকারি উদ্যোগ যথেষ্ট নয়; পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।






