১৫ আগস্টে ধানমন্ডি ৩২-এ কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রবেশ, মোতায়েন পুলিশ-র্যাব
টুইট ডেস্ক: ১৫ আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সকাল পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রিত রয়েছে।
এদিকে সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কাউকে ফুল দিতে দেখা যায়নি। এলাকাটির পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
স্থানীয় এক মুচি জানান, সকাল থেকে সেখানে কাউকে ফুল দিতে বা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসতে দেখা যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে। এবার ১৫ আগস্ট ঘিরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।






