১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার, প্রস্তুত বোম্ব ডিসপোজাল ইউনিট

টুইট ডেস্ক: আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ উপলক্ষে নিষিদ্ধ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা দুষ্কৃতকারী মহল যাতে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অনুষ্ঠানস্থল ও যাতায়াতের পথে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েনের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন এলাকায় আগাম তথ্য সংগ্রহে সোর্স ও ইনফর্মার কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রলিং বাড়ানো হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব।

কোথাও বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে বোম্ব ডিসপোজাল ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে র‍্যাব।

সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।