তানোরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইন উদ্ধার, আদালতে সোপর্দ

টুইট ডেস্ক: রাজশাহীর তানোরে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজের দিকনির্দেশনায় গত ৮ আগস্ট দিবাগত রাতে তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে তানোর উপজেলার মাসিন্দা (কালীগঞ্জ হাট) এলাকার নিজ বাড়ি থেকে মো. আকাশ আলী (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত নাসির উদ্দিন মন্টুর ছেলে। তার কাছ থেকে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তানোর থানাধীন একান্নপুর জোতপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় মো. নয়ন (২৯) নামে অপর এক ব্যক্তিকে এক গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তিনি তানোর উপজেলার দিবস্থলী এলাকার মো. ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।