বিদ্বেষমূলক বক্তব্য না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা নেই

চিফ প্রসিকিউটরের বক্তব্য, আইন অনুযায়ী পলাতকদের বিচার চলবে
টুইট ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই।
মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারকার্য দ্রুত শেষ হবে বলে তারা আশাবাদী।
মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট সব মামলার বিচার শেষ করার লক্ষ্য রয়েছে। এছাড়া আগামী এক মাসের মধ্যে আরও তিনটি মামলার রায় ঘোষণা হতে পারে।
চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী পলাতক আসামিদের বিচার কার্যক্রম চলমান রয়েছে। তবে তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রায় কার্যকর করা সম্ভব নয়।
তিনি জানান, দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং আদালতের আরোপিত জরিমানা আদায়ের নির্দেশ বাস্তবায়নের কাজও দ্রুত শুরু করা হচ্ছে।






