৪০০ টাকা ছুঁয়েছে কাঁচামরিচ, বাড়ছে পেঁয়াজ-সবজি ও ডিমের দাম

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে অস্থির নিত্যপণ্যের বাজার; কাঁচামরিচে কেজিতে বেড়েছে ১০০ টাকা

টুইট ডেস্ক: টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা আরও বেড়েছে। রাজধানীর বাজারগুলোতে কাঁচামরিচের দাম কেজিতে ৪০০ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি ও ফার্মের ডিমের দাম, যা সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচা ও শান্তিনগর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা হিসেবে ১০০ গ্রাম ৪০ টাকা এবং ২৫০ গ্রাম ১০০ টাকায় বিক্রি হলেও আধা বা এক কেজি কিনলে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের কেজিতে প্রায় ১০০ টাকা দাম বেড়েছে।

পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বর্তমানে দেশি পেঁয়াজ মানভেদে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা দেড়-দুই সপ্তাহ আগেও ছিল ৪০ থেকে ৪৫ টাকা।

সবজির বাজারেও স্বস্তি নেই। লম্বা বেগুন ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, সাদা বেগুন ১৪০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা এবং চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ধুন্দুল ও পটলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।

এদিকে ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেশি। অন্যদিকে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি, বন্যা এবং সরবরাহ সংকটের কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। অন্যদিকে ক্রেতারা দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।