সবাই মিলে রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে: আরডিএ চেয়ারম্যান সুইট

আরডিএ পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন; পাঁচ বছরে ২৫ হাজার চারা রোপণের পরিকল্পনা।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: গ্রীন সিটি ও ক্লিন সিটি হিসেবে রাজশাহী মহানগরীর ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সুস্থ জীবন নিশ্চিত করতে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই।
শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজশাহীর আরডিএ পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
আরডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে আরডিএও রাজশাহী নগরীতে ব্যাপক সবুজায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন, তাহলে প্রায় ১৮ কোটি গাছ লাগানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, আরডিএর উদ্যোগে প্রতিবছর পাঁচ হাজার করে পাঁচ বছরে মোট ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। নগরীর বিভিন্ন সড়ক, পার্ক, উন্মুক্ত স্থান এবং আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে এসব চারা রোপণ করা হবে। শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেরও ব্যবস্থা নেওয়া হবে, যাতে দীর্ঘমেয়াদে রাজশাহীবাসী এর সুফল ভোগ করতে পারেন।
আবুল কালাম আজাদ সুইট বলেন, নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আরডিএ সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীকে আরও সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা করা হবে। কোনোভাবেই অপরিকল্পিত নগরায়ন হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন রাজশাহী জেলা শাখার সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এনামুল হক এম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মারুফ হোসেন জীবন, শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা আরডিএ পার্কে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।







