সবুজায়নে রাজশাহী রেঞ্জ পুলিশের বৃক্ষরোপণ অভিযান

পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং বনভূমির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূ‌চি গ্রহন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের উদ্যোগে রেঞ্জ ডিআইজির সরকারি বাসভবন ও কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে ডিআইজি মো. আশিক সাঈদ এবং তাঁর সহধর্মিণী মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ যৌথভাবে চারটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

এ সময় ডিআইজি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের পরিচর্যায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহীর পুলিশ সুপার, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী রেঞ্জ পুলিশের এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।