সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে বিজিবি মোতায়েন

ছয় উপজেলায় কড়া নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবির সঙ্গে অতিরিক্ত পুলিশ।

টুইট ডেস্ক: সিলেটের দুইটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার ছয়টি উপজেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

সিলেটের ১৩টি উপজেলার মধ্যে কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন।

ঘটনার প্রতিবাদে বুধবার এনসিপি সমাবেশ ডাকলে একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় ছাত্রদল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সমাবেশে যোগ দিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা বাহুবল থেকে মৌলভীবাজারে ফিরে যান।

এদিকে, পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এনসিপি।

শুক্রবার আরও তিনটি উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি।