যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

অভিযানে আটক আরও চারজন, সহযোগীদের দেওয়া তথ্যেই অবস্থান শনাক্ত

টুইট ডেস্ক: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে আরও চারজনকে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। সম্প্রতি তার কয়েকজন সহযোগী গ্রেপ্তার হওয়ার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে যশোরের ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একটি দল নগরের অক্সিজেন–কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে। তাদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করে সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।