ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার তহবিল

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগের ঘোষণা

টুইট ডেস্ক: সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, নতুন এই তহবিল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিনিয়োগে আগ্রহীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

তিনি বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজনৈতিক দল সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন প্রতিনিধিকে সংসদীয় নির্বাচনে মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে খ্রিষ্টান, হিন্দু ও তফসিলভুক্ত নারীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। সব সম্প্রদায়ের মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নিজেদের অধিকার আদায়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন। বিশেষ করে অনেক ক্ষেত্রে তাদের জমি দখলের ঘটনা ঘটেছে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিগত ১৫ থেকে ১৬ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বর্তমান সরকারকে অনেক ক্ষেত্রে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, কৃষক কার্ড, নারীর ক্ষমতায়ন, খাল খনন প্রকল্প এবং ধর্মীয় নেতাদের জন্য ভাতা। পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, দেশের নারী খেলোয়াড়রা ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করছেন। তাদের উন্নয়ন ও সমস্যা সমাধানে সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে।