বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঘরের দেয়ালে মোটরের পানি দিতে গিয়ে দুর্ঘটনা; হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারান শাহের বানু
টুইট ডেস্ক: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহের বানু নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ঘরের নতুন দেয়ালে মোটরের মাধ্যমে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে শাহের বানু বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নূরে আশরাফ ছিদ্দিক জানান, হাসপাতালে আনার আগেই শাহের বানুর মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বদরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরুল আমিন সরকার বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের উপস্থিতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ ও তারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।






