বন্যাদুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি

ত্রাণ, নিরাপত্তা ও মানবিক সেবায় নিরলস ভূমিকায় আনসার-ভিডিপি
বান্দরবান প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বান্দরবান জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন দুর্গতরা।
এই দুর্যোগময় মুহূর্তে অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বান্দরবান জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আনসার ও ভিডিপি সদস্যরা আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং সুষ্ঠুভাবে বিতরণে সহায়তা করছেন। একইসঙ্গে আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করে নারী, শিশু, প্রবীণ ও অন্যান্য আশ্রয়প্রার্থীদের নিরাপদ পরিবেশ বজায় রাখতে দিনরাত দায়িত্ব পালন করছেন।
বন্যা পরিস্থিতির শুরু থেকেই আনসার ও ভিডিপি সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। অনেক স্থানে শিশু, নারী ও বৃদ্ধদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি গবাদিপশু, প্রয়োজনীয় আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে স্থানান্তরেও সহায়তা করেছেন। নিজেদের নিরাপত্তার কথা না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সব বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাহিনীর সকল সদস্যকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনায় উদ্ধার, সতর্কীকরণ, ত্রাণ বিতরণ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
ব্যাটালিয়ন পরিচালক, জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা মাঠপর্যায়ে সরাসরি উপস্থিত থেকে সার্বক্ষণিক তদারকি ও সমন্বয় করছেন। ফলে দুর্গত মানুষের কাছে দ্রুত ও কার্যকর সহায়তা পৌঁছে যাচ্ছে।
দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীকার। বাহিনীর সদস্যরা মানবিকতা, দায়িত্ববোধ ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা, নিরাপত্তা ও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।






