বান্দরবানের লামায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই পরিবারের পাঁচজন নিহত

ভোর ৪টায় মাটির নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ বছরের শিশুসন্তান এবং অপর পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন।
জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে ঘুমন্ত অবস্থায় পাহাড়ধসে চাপা পড়ে পাঁচজন মারা গেছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায়। পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হন। তারা হলেন- মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের ছেলে মো. সোলেমান (৫)।
স্থানীয়রা শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
একই এলাকায় আরেকটি পাহাড়ধসে এক দম্পতি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
কয়েকদিন বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঘটনা বেড়েছে। টানা ভারী বৃষ্টির কারণে গত তিন দিনে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি জেলায় মোট অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।
জেলা প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ করছে। নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে প্রশাসন।






