চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পাহাড় ধস, বন্ধ যান চলাচল

কাপ্তাইয়ের বালুচরা এলাকায় সড়ক অবরুদ্ধ; খোলা হয়েছে ১৮ আশ্রয়কেন্দ্র
উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় পাহাড় ধসে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে এই সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার পর কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় ইতোমধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের এসব আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আশ্রয় নেওয়া ব্যক্তিদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, সড়ক দ্রুত সচল করতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।






