প্রাণী সুরক্ষায় স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সেমিনার রাজশাহীতে ১৮ জুলাই

প্রাণী সুরক্ষায় এখনই উদ্যোগ জরুরি, না হলে ভবিষ্যৎ হবে নিঃশব্দ
নিজস্ব প্রতিবেদক: প্রাণীর অধিকার ও পরিবেশ সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “বাংলাদেশ অ্যানিমেলস অ্যালাইজ ভলান্টিয়ার্স (বিএএভি)” দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে। সংগঠনটি এক প্রচারপত্রের মাধ্যমে সতর্ক করে বলেছে, এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম একটি প্রাণহীন ও নীরব পৃথিবীর মুখোমুখি হবে।
প্রচারপত্রে বিশ্বখ্যাত প্রাণীবিজ্ঞানী জেন গুডলের একটি উদ্ধৃতি তুলে ধরে বলা হয়, “আমরা যদি এখনই না জাগি, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমন একটি পৃথিবী পাবে, যেখানে বন থাকবে না, পশু থাকবে না, পাখিও থাকবে না।”
Bangladesh Animals Allies Volunteers (BAAV) সংগঠনটি প্রাণীদের পরিবেশ ও মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরে জানায়, প্রাণীরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অপরিহার্য। তারা উদ্ভিদের পরাগায়ন, বীজ বিস্তার ও প্রজননে সহায়তা করে। একই সঙ্গে ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে কৃষি উৎপাদন বাড়াতে ভূমিকা রাখে। এছাড়া আবর্জনাময় স্থান পরিষ্কার রাখা এবং পোকামাকড়ের মাধ্যমে জৈব বস্তুর পচন প্রক্রিয়ায় সহায়তা করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
সংগঠনটি সাধারণ মানুষের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে—পথের কুকুর-বিড়ালকে বিষ প্রয়োগ বা আঘাত করা থেকে বিরত থাকা, সামর্থ্য অনুযায়ী খাবার প্রদান করা, আহত পশু-পাখি দেখলে দ্রুত বন বিভাগ বা নিকটস্থ প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করা এবং প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা।
বিএএভি জানায়, প্রাণী সুরক্ষা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি মানুষের নিজের অস্তিত্ব রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
এই সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করছে টুইটনিউজ২৪ ডটকম, ‘সেভ দি ন্যাচার এন্ড লাইফ’ এবং মন্ডল ব্রাদার্স গ্রুপ।
বর্তমানে দেশে দ্রুত নগরায়ণ, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাণী বৈচিত্র্য হ্রাস পাচ্ছে উল্লেখ করে সংগঠনটি বলেছে, এ ধরনের উদ্যোগ সমাজের সব স্তরের মানুষকে সচেতন ও সম্পৃক্ত করতে সহায়ক হবে।
এদিকে, প্রাণী সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৮ জুলাই ২০২৬ রাজশাহী শহরে একদিনের সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে রাজশাহীর বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৫৭ থেকে ১০০ জন শিক্ষার্থী অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সেমিনারে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা নিচের ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন—
https://docs.google.com/forms/d/1-H_jR4Abi5QcomWWbdg3wMni48jc2pLegbHJDA_rmw4/viewform
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় অষ্টম শ্রেণি থেকে এসএসসি ২০২৬ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এতে পশু-পাখি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাস্তবভিত্তিক সংরক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে।
রাজশাহী জেলার মধ্যেই কর্মশালার স্থান নির্ধারণ করা হবে এবং নির্বাচিত অংশগ্রহণকারীদের ইমেইলের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বিএএভি জানিয়েছে, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা প্রাণী সংরক্ষণের গুরুত্ব, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তিগত ও সম্মিলিত ভূমিকা সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করবে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষাকারী। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে একটি সবুজ ও প্রাণবন্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
এই আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটি সকলকে আহ্বান জানিয়ে বলেছে, আজ থেকেই শুরু হোক প্রাণীর প্রতি ভালোবাসা—একটি ছোট সহানুভূতিই গড়ে তুলতে পারে একটি সবুজ ও প্রাণবন্ত বাংলাদেশ।







