কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

 

ওসমানী বিমানবন্দরে স্বজনদের অপেক্ষার অবসান, দূতাবাসের সহায়তায় সম্পন্ন মরদেহ পাঠানোর প্রক্রিয়া

টুইট ডেস্ক: কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন স্বজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারানো ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।

নিহত বাংলাদেশিরা হলেন— সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

শ্রম কল্যাণ উইং সূত্রে জানা যায়, নিহতদের মরদেহ সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২২৬ নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেটে অবতরণ করে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের পর স্থানীয়ভাবে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ কর্মপরিবেশ ও যাতায়াত ব্যবস্থার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।