গ্রুপসেরা, তবু ভিন্ন প্রতিপক্ষ কেন?

৪৮ দলের বিশ্বকাপে নতুন নকআউট কাঠামোর গাণিতিক ব্যাখ্যা।
টুইট প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শেষ ৩২-এর সূচি প্রকাশিত হতেই ফুটবলপ্রেমীদের মধ্যে একটি প্রশ্ন জোরালো হয়ে ওঠে,সব গ্রুপ চ্যাম্পিয়ন কি সমান সুবিধা পেয়েছে? কোথাও গ্রুপসেরা দল খেলছে রানার্সআপের বিপক্ষে, আবার কোথাও প্রতিপক্ষ হয়েছে তৃতীয় স্থান পাওয়া দল। বিষয়টি অনেকের কাছেই বৈষম্যপূর্ণ মনে হলেও বাস্তবে এটি আগে থেকেই নির্ধারিত একটি গাণিতিক কাঠামোর অংশ।
ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো দলগুলোর সম্ভাব্য প্রতিপক্ষের পার্থক্য নিয়ে আলোচনা শুরু হলেও আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) জানিয়েছে, এতে কোনো লটারি বা পক্ষপাতের সুযোগ নেই। টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগেই সম্পূর্ণ নকআউট ব্র্যাকেট নির্ধারণ করা হয়েছিল।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ উঠেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। ফলে নকআউটে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। এই কাঠামোয় সব গ্রুপ চ্যাম্পিয়নের প্রতিপক্ষ হিসেবে তৃতীয় হওয়া দলকে রাখা গাণিতিকভাবে সম্ভব নয়। সর্বোচ্চ আটজন গ্রুপ চ্যাম্পিয়ন এমন সুবিধা পেতে পারে, বাকি চারজনকে খেলতে হয় অন্য গ্রুপের রানার্সআপের বিপক্ষে।
ফিফা টুর্নামেন্টের আগেই সম্ভাব্য সব সমীকরণ বিবেচনায় নিয়ে একটি নির্দিষ্ট নকআউট ছক তৈরি করেছে। কোন গ্রুপের তৃতীয় স্থানধারী দল নকআউটে উঠলে তারা কার বিপক্ষে খেলবে, সেটিও আগে থেকেই নির্ধারিত ছিল। এ ক্ষেত্রে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে অতিরিক্ত কোনো র্যাঙ্কিং বা পয়েন্টের ভিত্তিতে নতুন হিসাব করা হয়নি।
বিশ্বকাপটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে অনুষ্ঠিত হওয়ায় সূচি, ভ্রমণ, সম্প্রচার, নিরাপত্তা এবং খেলোয়াড়দের বিশ্রামের বিষয়গুলোও এই পূর্বনির্ধারিত ব্র্যাকেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই গ্রুপের দুটি দল যেন শেষ ৩২-এ আবার মুখোমুখি না হয়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।
ফিফার এই পদ্ধতি অবশ্য একেবারে নতুন নয়। ২০১৬ সালে ২৪ দলের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও একই ধরনের পূর্বনির্ধারিত নকআউট কাঠামো ব্যবহার করেছিল উয়েফা। ২০২৬ বিশ্বকাপে সেই ধারণাকে আরও বড় পরিসরে এবং আরও জটিল গাণিতিক বিন্যাসে প্রয়োগ করা হয়েছে।
ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কোনো দল রানার্সআপের বিপক্ষে খেলছে আর অন্য কোনো দল তৃতীয় স্থানধারী প্রতিপক্ষ পাচ্ছে,এটি বৈষম্যের ফল নয়; বরং ৪৮ দলের বিশ্বকাপের নতুন বিন্যাসে আগে থেকেই নির্ধারিত প্রতিযোগিতার কাঠামোর স্বাভাবিক পরিণতি।






