মোহনপুরে আম নিয়ে সংঘর্ষ, নিহত ১

আমবাগান থেকে আম নামানোকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের অভিযোগ; অভিযুক্তদের শনাক্তে পুলিশের অভিযান।
টুইট প্রতিবেদক | TweetNews24.com
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ভূগোর মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি আমবাগান থেকে আম নামানো ও বিক্রিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় সেই বিরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, একই গ্রামের নমের আলীর ছেলে রাসেল আব্দুর রাজ্জাকের আমবাগান থেকে আম নামিয়ে বাজারে বিক্রি করেন। এ বিষয়ে রাসেলের কাছে জবাব চাইলে মৃত নুর মোহাম্মদের ছেলে মুকবুল হোসেন (৫২), তার ছেলে শাহিন আলম (৩০) এবং তাদের সহযোগীরা পূর্ববিরোধের জেরে আব্দুর রাজ্জাকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তর্ক সংঘর্ষে রূপ নেয়। এ সময় আব্দুর রাজ্জাককে কিল-ঘুষি ও ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।






