পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে জোর, বান্দরবানে সমাজকল্যাণ পরিষদের সভা

সামাজিক নিরাপত্তা ও জনমুখী কার্যক্রম সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের আহ্বান

বান্দরবান প্রতিনিধি: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ এবং জনমুখী সেবাকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে বান্দরবান জেলা সমাজকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। সভায় জেলার চলমান সমাজকল্যাণ কার্যক্রম, সামাজিক উন্নয়ন উদ্যোগ এবং পরিষদের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক মিজ ম্যামানু, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিল্টন মুহুরী, পরিষদ সদস্য এম রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনায় অংশ নিয়ে সদস্যরা জেলার পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে সরকারি সেবার বিস্তার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, সমাজকল্যাণ কার্যক্রমকে কেবল সভাকক্ষের আলোচনায় সীমাবদ্ধ না রেখে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা, সমন্বয় ও মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

সভা-সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি অঞ্চলের বাস্তবতায় সমাজকল্যাণ কার্যক্রমের সফলতা নির্ভর করবে সিদ্ধান্ত কতটা দ্রুত ও কার্যকরভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছায় তার ওপর।