খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায়ও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা গড়ে তোলার আহ্বান

টুইট ডেস্ক: খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে বহুমুখী দক্ষতায় গড়ে উঠতে হবে।

শনিবার (২০ জুন) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত দেড় মাসে গোল্ডকাপ টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয় এবং ১ লাখ ২৩ হাজারের বেশি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। তিনি এ উদ্যোগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, সাংস্কৃতিক কার্যক্রম ও ধর্মীয় অনুশীলনেও দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, “তোমরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, তাই এখন থেকেই আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু ক্রিকেট নয়, ফুটবল, হকি, সাঁতার ও টেনিসসহ বিভিন্ন খেলায় বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে হবে। তরুণদেরকে দেশের ‘এ্যাম্বাসেডর’ হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি জানান, আগামী দিনে শিশু-কিশোরদের জন্য উদ্ভাবনী কার্যক্রম ও অংশগ্রহণমূলক আয়োজন বাড়ানো হবে, যাতে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের তিনি ধন্যবাদ জানান এবং টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।