মুন্সিগঞ্জে চালু দেশের প্রথম ক্যাশলেস কারাগার

আরএফআইডি প্রযুক্তিতে ডিজিটাল লেনদেন ও নজরদারির নতুন ব্যবস্থা

টুইট ডেস্ক: দেশের কারা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ হিসেবে মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হয়েছে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’। নতুন এই ব্যবস্থায় বন্দিদের আর্থিক লেনদেন হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে।

রোববার (২১ জুন) সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।

কারা প্রশাসন জানায়, নতুন ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্তকরণ, ডিজিটাল গণনা এবং নিরাপত্তা তদারকি আরও কার্যকর করা হবে। একই সঙ্গে বন্দিদের অর্থ ব্যবস্থাপনাও নগদ লেনদেনের বাইরে আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বন্দিদের আত্মীয়স্বজন কারাগারে এসে অর্থ জমা দিলে তা সরাসরি সংশ্লিষ্ট বন্দির নির্ধারিত ভার্চুয়াল হিসাবে যুক্ত হবে। পরে বন্দিরা নিজ নিজ আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থায় কারাগারের ভেতরে নগদ অর্থ লেনদেনের প্রয়োজন থাকবে না। সংগৃহীত অর্থ ব্যাংকে জমা রেখে বন্দিদের হিসাবে ভার্চুয়াল ব্যালেন্স হিসেবে সংরক্ষণ করা হবে।

এ ছাড়া জামিনে মুক্তির সময় বন্দির হিসাবে অবশিষ্ট অর্থ থাকলে তা অনলাইন ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ফেরত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

কারা প্রশাসনের মতে, এই উদ্যোগের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। কারা মহাপরিদর্শকের নির্দেশনায় বাস্তবায়িত এই প্রকল্পে কারিগরি সহায়তা দিয়েছে ডিকোড ল্যাব ও কারা অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি সেল।

জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, মানবিক ও আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এ ধরনের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।