এমপিকে গুলির হুমকির অডিও ফাঁস, চট্টগ্রামে তোলপাড়

কথোপকথনে হামলার ইঙ্গিতের অভিযোগ, যাচাই করছে পুলিশ
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে,এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ার এমপি আরমান সাহেব, শাহজাহান চৌধুরী এখানে আসলে পায়ে গুলি করব।’ তবে অডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রের দাবি, অডিওতে থাকা কণ্ঠের একজন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিন এবং অপরজন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত মো. তারেকুল হক।
কথোপকথনে তারেকুল হককে বলতে শোনা যায়, লোহাগাড়ায় সংসদ সদস্য এলে তাকে গুলি করে আসার কারণ জানতে চাওয়া হবে। জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, সংসদ সদস্যকে লোহাগাড়ায় না আসতে বলা হলেও নানা কারণে তিনি সেখানে আসেন।
অডিওর আরেক অংশে অস্ত্রশস্ত্র নিয়ে থাকার কথাও বলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে আরমান উদ্দিনকে সতর্ক করে বলতে শোনা যায়, এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে।
স্থানীয়দের অভিযোগ, কথোপকথনে থাকা তারেকুল হক এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্রের সঙ্গে সম্পৃক্ত। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
এদিকে সংসদ সদস্যের সহকারী আরমান উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তদবির করার অভিযোগও উঠেছে। তবে তিনি অডিও নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিষয়টির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি জানান, আরমান উদ্দিন বিভিন্ন বিষয়ে তার কাছে তদবির করতেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অডিওটি পাওয়া গেছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অডিওটির উৎস, সত্যতা এবং জড়িত ব্যক্তিদের ভূমিকা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আনোয়ার হোসেন






