প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

রেল আধুনিকায়নে ২৪ মেগা প্রকল্প, সড়কেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

টুইট ডেস্ক: দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে পর্যায়ক্রমে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কুমিল্লা–১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি সরকারের যোগাযোগ খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে মহাসড়কে ধাপে ধাপে এক্সপ্রেসওয়ে গ্রিড ও বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, সড়ক নিরাপত্তা বাড়াতে ও অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণে স্মার্ট পর্যবেক্ষণ ব্যবস্থা এবং এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীর যানজট নিরসনে ঢাকার চারপাশে রিং রোড ও রেডিয়াল সড়ক নেটওয়ার্ক নির্মাণ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ওভারপাস ও আন্ডারপাস তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে যমুনা নদীতে দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া–দৌলতদিয়া অঞ্চলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৪৫ সাল পর্যন্ত তিন ধাপে ২৪টি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব রেলপথ ধাপে ধাপে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, যাত্রীসেবা ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়াতে আগামী বছরগুলোতে আন্তনগর ও কমিউটার ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।