দুবাইয়ের শপিং মলে ডেকে বেনজীরকে আটক করানোর অভিযোগ

ঘনিষ্ঠ সূত্রের দাবি- এমপি বন্ধুর ফোনে বের হয়ে পুলিশের হাতে সাবেক আইজিপি
টুইট ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে দুবাই বিমানবন্দর থেকে নয়, একটি শপিং মল থেকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার ঘনিষ্ঠ সূত্র। তাদের ভাষ্য অনুযায়ী, পরিচিত এক সংসদ সদস্য ও ব্যবসায়িক সহযোগীর ফোনে সেখানে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাকে আটক করে।
পারিবারিক সূত্রের দাবি, গত ১২ জুন দুবাইয়ে নিজ বাসা থেকে বের হওয়ার পর তাকে আটক করা হয়। বিষয়টি নিয়ে দুবাইয়ে আইনি সহায়তা নেওয়া হয়েছে এবং আদালতে শুনানির প্রস্তুতি চলছে।
বেনজীরের ঘনিষ্ঠদের দাবি, আটকের পর দুবাই কর্তৃপক্ষ তার অবস্থান, নথিপত্র ও অন্যান্য বিষয় যাচাই শুরু করে। একই সঙ্গে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়।
তবে অভিযোগে নাম আসা সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি।
এদিকে সংশ্লিষ্ট মহলের ধারণা, প্রত্যর্পণ প্রক্রিয়ায় দুই দেশের আইন, আদালতের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও আইনি প্রক্রিয়ার অগ্রগতির দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।






