দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ইমিগ্রেশন জটিলতা ও প্রটোকল প্রশ্নে সফর অসমাপ্ত রেখে ঢাকায় প্রত্যাবর্তন

টুইট ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সরকারি সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের একটি সম্মেলনে অংশ নিতে তিনি ঢাকা থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছিলেন। তবে দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়ায় জটিলতার মুখে পড়েন তিনি। প্রাথমিক পর্যায়ে তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য অপেক্ষায় রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদার সুবিধা পাওয়ার যোগ্য হলেও সফরে সাধারণ পাসপোর্ট ব্যবহার করেছিলেন। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় কর্তৃপক্ষের নজরদারি তালিকার তথ্যের ভিত্তিতে তার বিষয়ে অতিরিক্ত যাচাই করা হয়। একপর্যায়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং সফর সংক্ষিপ্ত করে ফেরার সিদ্ধান্ত নেন।

পরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দেওয়ার আগ্রহ দেখালেও ডা. জাহেদ উর রহমান সফর চালিয়ে না গিয়ে দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন বলে জানা গেছে। তিনি কলম্বো হয়ে ঢাকায় ফেরেন।

ঘটনাটি কূটনৈতিক ও প্রটোকল ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য এখনো প্রকাশিত হয়নি।