বজ্রপাতে নেত্রকোনায় প্রাণ গেল ২ জনের

ফজরের নামাজের পর মাছ ধরতে গিয়ে মাদ্রাসা শিক্ষক এবং বাড়ি থেকে বের হওয়ার সময় সিএনজি চালকের মৃত্যু।

টুইট প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক ও এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকালে উপজেলার সাপমারা ও কাইলাটী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জামাল মুন্সি সাপমারা এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। ফজরের নামাজ আদায়ের পর সকাল সাড়ে ৬টার দিকে তিনি মাদ্রাসার পাশের এলাকায় বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিনে সকালে কাইলাটী গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাকিউল বারী জানান, বজ্রপাতে নিহতদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর খবর প্রশাসন পেয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।

বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া খারাপ থাকলে খোলা মাঠ, জলাশয় ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার জন্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন।