২৫ কোটি গাছের লক্ষ্যে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য, সবুজ কর্মসংস্থান হবে সাড়ে ৩ লাখের বেশি।
বান্দরবান প্রতিনিধি: দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে সেনাবাহিনী পরিচালিত পাসপোর্ট অফিসসংলগ্ন বালাঘাটা সড়ক এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সামিউল ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামিউল ফেরদৌস বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপাড়সহ বিভিন্ন প্রান্তিক ভূমিতে বনায়ন জোরদার করা হবে। পাশাপাশি সরকারি বনাঞ্চল পুনরুদ্ধার এবং উপকূলীয় চরাঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, কৃষিজমি ও নগর এলাকায় বনায়ন কার্যক্রমকে গতিশীল করা হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। তিনি বলেন, পার্বত্য তিন জেলা ও দেশের মধ্যাঞ্চলে হারিয়ে যাওয়া শালবন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলা আয়োজন, জাতীয় পুরস্কার প্রদান এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জানান, এ কর্মসূচির মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় সাড়ে ৩ লাখ সবুজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া ‘এক শিশু, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাড়ি বা আঙিনায় ১ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, মো. আবু ইউসুফ পালপুট, রীতা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।






