হাসপাতালে গিয়ে অসহায় বৃদ্ধার খোঁজ নিলেন এমপি

অসহায় বৃদ্ধা জ্যোৎস্না রানীর দায়িত্ব নিলেন এমপি খায়রুল কবির খোকন। যে
নিজস্ব প্রতিবেদন | TweetNews24.com
টুইট প্রতিবেদক: নরসিংদীতে স্বজনহীন ও অসহায় বৃদ্ধা জ্যোৎস্না রানী সাহাকে নিয়ে সংবাদ প্রকাশের পর মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। চিকিৎসাধীন এই বৃদ্ধার সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি থাকা প্রায় ৮০ বছর বয়সী জ্যোৎস্না রানী সাহাকে দেখতে যান সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় তিনি বৃদ্ধার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ভবিষ্যৎ সহায়তার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, সমাজের দরিদ্র, অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়, সেই লক্ষ্যেই তারা কাজ করছেন।
তিনি আরও বলেন, জ্যোৎস্না রানী সাহার স্বামী ও দুই সন্তান মারা যাওয়ার পর তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। বিষয়টি জানার পরই তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যথাযথ চিকিৎসা পেলে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে স্বামী নগেন্দ্র সাহার মৃত্যু হয়। পরে একে একে মারা যান তার দুই প্রতিবন্ধী ছেলে। একমাত্র মেয়ে ভারতে থাকলেও দীর্ঘদিন ধরে মায়ের কোনো খোঁজখবর নেন না। জীবনের শেষ সময়ে এসে জ্যোৎস্না রানী সাহার আশ্রয় হয় নরসিংদী শহরের গোপীনাথ জিওর মন্দিরের সিঁড়িঘরের এক কোণে।
প্রায় ১৫ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত ৬ জুন খবর পেয়ে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ তাকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নেন।
জানা গেছে, কুমিল্লার গৌরীপুরের মুজিবপুর গ্রামের বাসিন্দা জ্যোৎস্না রানী সাহা একসময় পরিবার নিয়ে নরসিংদী শহরের উত্তর কান্দাপাড়ায় বসবাস শুরু করেন। স্বামীর মৃত্যুর পর আর্থিক সংকট এবং পরে দুই সন্তানের মৃত্যু তাকে চরম অসহায় অবস্থায় ঠেলে দেয়।
এদিকে সংবাদ প্রকাশের পর স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া সৃষ্টি হয়। এরপর হাসপাতালে গিয়ে বৃদ্ধার খোঁজ নেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। স্থানীয়দের মতে, স্বজনহীন এক বৃদ্ধার পাশে রাজনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে আসার এই উদ্যোগ মানবিক দায়িত্ববোধের একটি ইতিবাচক উদাহরণ।






