বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

দর্শনা সীমান্তে মারধরের অভিযোগ, ভিন্ন তথ্য দিল বিজিবি।
টুইট প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে মারধর করতে করতে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৩ জুন) সন্ধ্যার আগ মুহূর্তে দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্টসংলগ্ন সীমান্ত এলাকায় কয়েকজন সঙ্গীর সঙ্গে খড়ি কুড়াতে যান জুলফিকার। এ সময় গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জুলফিকারকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, আটক করার পর তাকে মারধর করতে করতে ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়।
আটক জুলফিকার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর গ্রামের বাসিন্দা এবং দর্শনা পৌর এলাকার একটি বিস্কুট কারখানার কর্মী বলে জানা গেছে।
তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, জয়নগর গ্রামের কয়েকজন যুবক শূন্যরেখা এলাকায় গিয়ে দর্শনা-গেদে রেলপথের নিরাপত্তা বেষ্টনীর একটি অংশ খোলার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে জুলফিকারকে আটক করে এবং অন্যরা পালিয়ে যান।
তিনি আরও জানান, আটক যুবককে ভারতীয় থানায় সোপর্দ করা হতে পারে বলে তারা জেনেছেন। বিষয়টি নিয়ে বিজিবি প্রয়োজনীয় যোগাযোগ ও নজরদারি অব্যাহত রেখেছে।
সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশি নাগরিকদের আটক, গুলিবর্ষণ ও কথিত ‘পুশ-ইন’ ইস্যুতে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সর্বশেষ এই ঘটনাতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে পরবর্তী অগ্রগতির দিকে নজর রাখছেন স্থানীয়রা।






