কল্পনা চাকমার বিচার ও জুম্ম নারীর নিরাপত্তা দাবিতে বান্দরবানে মানববন্ধন

অপহরণের ৩০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি
বান্দরবান প্রতিনিধি: কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্তি উপলক্ষে বিচার নিশ্চিতকরণ, জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন ফেডারেশনের বান্দরবান জেলা কমিটির উদ্যোগে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তিন দশক পেরিয়ে গেলেও কল্পনা চাকমা অপহরণ ঘটনার বিচার নিশ্চিত হয়নি এবং তাঁর অবস্থান সম্পর্কেও কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তারা বিষয়টিকে পার্বত্য অঞ্চলের নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্ন হিসেবে উল্লেখ করেন।
বক্তারা দাবি করেন, কল্পনা চাকমা ছিলেন পার্বত্য অঞ্চলে নারী অধিকার ও সামাজিক সংগঠনের একজন সক্রিয় কর্মী। দীর্ঘ সময় পরও ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে তিনটি মূল দাবি উত্থাপন করা হয়— কল্পনা চাকমা অপহরণ ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত ও বিচার নিশ্চিত করা, সংশ্লিষ্ট হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং জুম্ম নারীদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিতের পাশাপাশি সময়সীমাভিত্তিক রোডম্যাপ ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন।
এসময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও আস্থা প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর কার্যকর সমাধান প্রয়োজন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হিল উইমেন ফেডারেশনের বান্দরবান জেলা কমিটির সভাপতি উলিসিং মার্মা। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মেসাইং চিং মার্মা, কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক জেকি প্রু মার্মা, পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান জেলা কমিটির সভাপতি ঊশৈহ্লা, মানবাধিকার কর্মী জন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক সিংমেউ মার্মা, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ক্যসামং মার্মাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






